প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের পরিবেশ বিরাজমান। আর্জেন্টিনার খেলার একদিন আগে, জেলা পর্যায়ে আনন্দ র্যালি আয়োজন করা হয়েছে দলের সমর্থকদের পক্ষ থেকে।
আর্জেন্টিনার জার্সি পরে সোমবার (১৫ জুন) বিকেলে নগরীর দেওভোগ এলাকার সিটি পার্কের সামনে থেকে এই র্যালি শুরু হয়। এটি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে উজ্জীবিত হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি পার্কের সামনে গিয়ে সমাপ্ত হয়।
বিভিন্ন শ্রেণিপেশার সমর্থকদের সঙ্গে শিশুসহ কিশোররাও এই র্যালিতে আকর্ষণীয়ভাবে অংশগ্রহণ করে। র্যালির পরিবেশ ছিল উৎসবমুখর, যেখানে সাউন্ড সিস্টেমের মিউজিকের তালকে সবাই আনন্দের সঙ্গে উপভোগ করে। আর্জেন্টিনার শ্লোগানে পুরো নগরীর পরিবেশ মুখরিত হয়ে গেছে।
আর্জেন্টিনার ২৪০০ বর্গফুট আকৃতির বিশাল পতাকা প্রদর্শন করা হয়। আকাশি-সাদার আবহে, সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালিতে অনেকেই বিশাল আকারের আর্জেন্টিনার পতাকা এবং লিওনেল মেসির ছবি সংবলিত ব্যানার বহন করেন। পুরো শোভাযাত্রাজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, ভুভুজেলা বাঁশির আওয়াজ, স্লোগান এবং নাচ-গান পথচারীদের দারুণভাবে আকর্ষণ করে।
বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল নজরকাড়া। অনেক ছোট্ট সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরে নাচতে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা যায়। একই সঙ্গে আকাশি রঙের স্মোক বোম্ব (ধোঁয়া) উড়িয়ে উৎসবের আমেজ আরো বাড়িয়ে তুলেন সমর্থকরা।
আর্জেন্টিনা সমর্থকরা জানান, ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি আবেগ এবং ভালোবাসার নাম। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা থেকে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকুয়েলমে এবং লিওনেল মেসি পর্যন্ত এই দলটি যুগে যুগে বিশ্ব ফুটবলকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে এসেছে।
আর্জেন্টাইন সমর্থক পারভেজ মল্লিক বলেন, ‘দীর্ঘ চার বছর পর পর বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের। তবে দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তাই খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ, মারামারি বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলা উপলক্ষে আমাদের যেন ১২ মাসের সম্প্রীতি নষ্ট না হয়। ফুটবল আনন্দ দেয়, একত্রিত করে।’
আর্জেন্টিনা সমর্থকদের র্যালি ঘিরে নারায়ণগঞ্জের দেওভোগ, চাষাঢ়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষকে দেখানো যায় সমর্থকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস উপভোগ করতে।
এই বর্ণাঢ্য র্যালির আয়োজনে ছিলেন চিত্রশিল্পী স্বপন দাস, ফুটবল খেলোয়াড় পিলু, চিত্র সাংবাদিক তাপস দাস, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন এবং মেহেদী হাসান সজীব।
আয়োজকদের দাবি, নারায়ণগঞ্জে এটি ছিল আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বৃহৎ এবং সুশৃঙ্খল র্যালি।
আয়োজকদের মধ্যে চিত্রশিল্পী স্বপন দাস বলেন, ‘গতবারের মতো এবারও মেসির পায়ের যাদুতে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ শিরোপা জয় করবে এমন প্রত্যাশা সবার। তরুণ সমাজ যেন খেলাধূলার দিকে ধাবিত হয়, এই বার্তা দিতে আমরা র্যালির আয়োজন করি। সবার প্রতি আহবান থাকবে, কোনো দলের প্রতি কটূক্তি না করে, সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করি।’
বিশ্বকাপ শুরু হতে চলেছে, শিল্পনগরী নারায়ণগঞ্জের ফুটবলপ্রেমিদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। তাদের এই আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা পালন করবে, এমন আশা করেছেন স্থানীয় ফুটবলপ্রেমিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন