প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন তৌসিফ মাহবুব। জনপ্রিয় অভিনেত্রীদের পাশাপাশি সম্প্রতি নতুন মুখের সঙ্গেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা। এবার তিনি সাদনিমা বিনতে নোমানের সঙ্গে নতুন জুটি হিসেবে পর্দায় হাজির হয়েছেন। এই জুটি তাদের প্রথম নাটকেই সাড়া ফেলেছে।
সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তৌসিফ ও সাদনিমার অভিনীত নাটক ‘আপন পর’। রুবেল হাসান পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। মুক্তির প্রথম দিনেই নাটকটি ৫৮ লাখেরও বেশি দর্শক দেখেছেন বলে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটির দর্শকসংখ্যা দুই দিনে প্রায় ৭০ লাখে পৌঁছেছে! ইউটিউবের হিসাব অনুযায়ী, ৬৯ লাখ ৮৬ হাজারেরও বেশি দর্শক নাটকটি দেখেছেন। নাটকটিতে ৬৮ হাজারের বেশি লাইক পড়েছে এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়েছে।
নাটকটি দেখে দর্শকদের একটি বড় অংশ প্রশংসা করেছেন তৌসিফ ও সাদনিমার অভিনয় এবং জুটি নিয়ে। একজন মন্তব্য করেছেন, ‘তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করছিলেন সেটা দেখে কেঁদে ফেলেছি’। অন্য একজন লিখেছেন, ‘তৌসিফ এবং সাদনিমা, দুজনকে বেশ মানিয়েছে’।
নাটকের আবেগঘন গল্পও অনেক দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘মা না থাকলে যে কি হয়! পুরো নাটকটা দেখে কান্না করেছি’।
আরেক দর্শক লিখেছেন, ‘অসাধারণ নাটক। এতে বুঝা যায়, মায়ের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছেলেরা সব বিসর্জন দিতে পারে’।
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত ‘আপন পর’ নাটকে তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরও অনেকে। প্রথমবারের জুটিতে তৌসিফ-সাদনিমার এমন সাড়া নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের আগ্রহও বৃদ্ধি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন