প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জেমস মিলনার।
মিলনার, যিনি ৪০ বছর বয়সী, গত ৩ মৌসুম ধরে ব্রাইটনের হয়ে ফুটবল খেলেছেন। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইংল্যান্ডের শীর্ষ লিগে তিনি ছয়টি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন, এই বহুমুখী মিডফিল্ডার ও ডিফেন্ডার চলতি বছর ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।
মিলনার পেশাদার ক্যারিয়ারটি শুরু করেছিলেন লিডস ইউনাইটেডে। এরপর তিনি ম্যানচেস্টার সিটির হয়ে দুটি এবং লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন। এছাড়া ২০১৯ সালে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার কৃতিত্বও অর্জন করেছেন।
২০০৯ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মিলনারের অভিষেক হয়েছিল। তিনি জাতীয় দলের জার্সিতে মোট ৬১টি ম্যাচ খেলেছেন এবং ১টি গোল করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি বিবৃতিতে বলেন, 'টিকে থাকার লড়াই থেকে শুরু করে ট্রফি জয়, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং দুটি ইউরো ও দুটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা, এসব মুহূর্তগুলো অসংখ্য অবিস্মরণীয়।'
তিনি আরও যোগ করেছেন, 'তবে সবকিছুর চেয়ে বেশি, ফুটবল আমাকে যেসব মানুষ ও বন্ধুত্ব উপহার দিয়েছে, সেগুলোই আমি মনে রাখব।'
২০০২ সালের নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে মিলনার লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক করেছেন। সে সময় তিনি লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় হিসেবে পরিচিত হন। পরের মাসেই তিনি প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন, যদিও বর্তমানে তিনি এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকলেও ২০২৫-২৬ মৌসুমে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ২২টি ম্যাচ খেলেছেন। ব্রাইটনের হয়ে মৌসুমের শেষ ম্যাচটি ছিল তার ৬৫৮তম ও শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ।
মিলনার বলেন, '১৬ বছর বয়সে আমার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে অভিষেক ও প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পর আমি ভেবেছিলাম এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। গত বছর এমন একটি অবস্থায় ছিলাম যে পা পর্যন্ত তুলতে পারছিলাম না, কিন্তু ৪০ বছর বয়সে ফিরে এসে ব্রাইটনকে তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্থান করে দিতে সহায়তা করেছি।'
লিডস ইউনাইটেডের ২০০৪ সালে অবনমিত হওয়ার পর তিনি নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেন। এরপর ২০০৮ সালে অ্যাস্টন ভিলায় এবং ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেন। সিটির হয়ে ২০১২ ও ২০১৪ সালে ক্লাবটির প্রথম দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়েও তিনি অংশ নেন।
২০১৫ সালে লিভারপুলে এসে আট মৌসুম খেলেন। এই সময়ে ৩৩২ ম্যাচে ২৬টি গোল করেন এবং ২০২০ সালে লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও এফএ কাপ এবং ইএফএল কাপও সিটি ও লিভারপুলের হয়ে জিতেছেন।
বিদায়ী বার্তায় মিলনার বলেন, 'আমি অপরিসীম গর্ব, কৃতজ্ঞতা এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি নিয়ে ফুটবলকে বিদায় জানাচ্ছি। ফুটবল আমাকে কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে এবং সেই সুযোগগুলোর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এই যাত্রার অংশ হওয়া সবার প্রতি ধন্যবাদ।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন