প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুলাউড়ার ক্ষুদে শিক্ষার্থী মাহিমা ইসলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ হামদ-নাত বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে কুলাউড়া তথা পুরো মৌলভীবাজার জেলার মুখ উজ্জ্বল করেছে। মাহিমা ইসলাম উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত দেশের আটটি বিভাগের সেরা প্রতিযোগীদের নিয়ে আয়োজিত চূড়ান্ত লড়াইয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাহিমা।
এরপর, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের সেরা এই ক্ষুদে শিল্পীর হাতে চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন।
মাহিমা ইসলাম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে ধাপে ধাপে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। সে ধারাবাহিকভাবে: ইউনিয়ন পর্যায়, উপজেলা পর্যায়, জেলা পর্যায় এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার টিকিট লাভ করে।
চূড়ান্ত পর্বে সারা দেশের আটটি বিভাগের সেরা আটজন প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর অর্জন করে সে জাতীয় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
মাহিমা ইসলামের এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক চমৎকার সমন্বয়। সে কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈমুল ইসলাম এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তারের কন্যা।
উল্লেখ্য, মাহিমার মা হালেমা আক্তার ইতিপূর্বে মৌলভীবাজার জেলার 'শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫' সম্মাননায় ভূষিত হয়েছিলেন। মায়ের আদর্শেই মাহিমা আজ জাতীয় দরবারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
মাহিমার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, মাহিমার এই ঐতিহাসিক অর্জন কুলাউড়ার নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চায় আরও বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে মাহিমা ইসলাম আজ সমগ্র কুলাউড়া উপজেলার জন্য এক গৌরব ও অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন