প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীল জলরাশি, জীবন্ত প্রবাল, সাদা-কালো পাথর এবং সবুজ কেয়াবনে ঘেরা একটি অসাধারণ দ্বীপ। চারদিকে বঙ্গোপসাগরের নীল জল। প্রতিবছর সেন্টমার্টিনে হাজার হাজার পর্যটক প্রকৃতির এই সৌন্দর্য দেখতে আসেন। তাদের কাছে অন্যতম আকর্ষণ হলো ছেড়াদ্বীপ। তবে এবার দূর থেকে দ্বীপটির সৌন্দর্য দেখা গেলেও সেখানে যাওয়ার সুযোগ নেই। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলতি বছরও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে দ্বীপটিতে।
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড। প্রবাল, শৈবাল, নানা আকৃতির পাথর এবং কেয়াগাছের সমন্বয়ে গড়ে উঠেছে দ্বীপটির স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশ। এ ছাড়া কেওড়া ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির গাছ দ্বীপটির সবুজ বেষ্টনী তৈরি করেছে। জীবন্ত প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের দিক থেকেও দ্বীপটি গুরুত্বপূর্ণ।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পর্যটকদের অবাধ চলাচলে দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের চলাচলে গাছের চারা নষ্ট হওয়া, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং শামুক-ঝিনুকসহ সামুদ্রিক সম্পদ সংগ্রহ করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এসব বিবেচনায় দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার ও বনায়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
পরিবেশ অধিদফতরের সেন্টমার্টিনে কর্মরত নিরাপত্তারক্ষী আব্দুল হানিফ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী, ছেড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। গত বছরও প্রায় এক মাস পর্যটকদের সেখানে যাওয়া থেকে বিরত রাখার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে এ বছর দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুরোপুরি পর্যটক প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য দ্বীপের বিভিন্ন প্রবেশপথে লাল পতাকা টাঙিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি চিহ্নিত করা হয়েছে।
আব্দুল হানিফ আরও বলেন, ছেড়াদ্বীপে প্রতিবছর কেয়া ও অন্যান্য স্থানীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কিন্তু চারাগুলো কিছুটা বড় হওয়ার পর পর্যটকদের চলাচলে পায়ের চাপে নষ্ট হয়ে যায়। এ ছাড়া অনেক পর্যটক দ্বীপ থেকে শামুক-ঝিনুকসহ বিভিন্ন সামুদ্রিক সম্পদ সংগ্রহ করে নিয়ে যান। এতে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেন্টমার্টিন জেটিঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়তেই পর্যটকদের স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সতর্ক করা হয়। পরিবেশ অধিদফতরের সদস্যরা মাইকে সেন্টমার্টিন ভ্রমণের নিয়মকানুন জানানোর পাশাপাশি ছেড়াদ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকার বিষয়টিও প্রচার করেন।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে দ্বীপের বিভিন্ন প্রবেশপথে টাঙানো হয়েছে লাল পতাকা। পরিবেশ অধিদফতরের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু পর্যটক এখনো ছেড়াদ্বীপে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পর্যটক ইব্রাহীম আজাদ বলেন, সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের সৌন্দর্য একেবারেই আলাদা। দূর থেকে দ্বীপটি দেখে এর সৌন্দর্য উপভোগ করছেন তারা। কাছ থেকে দেখার সুযোগ পেলে অভিজ্ঞতা আরও ভিন্ন হতো। তবে সেন্টমার্টিন যে একটি প্রবাল দ্বীপ, সে বিষয়ে তারা জানেন। তাই এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি।
ইব্রাহীম আজাদ আরও বলেন, ব্যক্তিগতভাবে ছেড়াদ্বীপে যাওয়ার ইচ্ছা থাকলেও পরিবেশ সংরক্ষণের স্বার্থে সেই ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে সরকারি বিধিনিষেধ মেনে নেয়াই উচিত। ছেড়াদ্বীপে পর্যটকদের অবাধ যাতায়াতের ফলে পরিবেশের কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়টিও বোঝার চেষ্টা করেছেন তারা।
আরেক পর্যটক তালেব শাহ বলেন, সেন্টমার্টিনের অন্যতম আকর্ষণ ছেড়াদ্বীপ। দূর থেকে যতটুকু দেখেছেন, তাতেই জায়গাটিকে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। তবে সেখানে যেতে না পারায় দ্বীপটির বর্তমান অবস্থা সরাসরি দেখার সুযোগ হয়নি।
তালেব শাহ বলেন, ছেড়াদ্বীপে পর্যটকদের প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা যৌক্তিক। কারণ, এটি একটি প্রবাল দ্বীপ। মানুষের অবাধ যাতায়াত অব্যাহত থাকলে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
শুধু পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেই দায়িত্ব শেষ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার ও বনায়ন কার্যক্রমও চলছে। ইতোমধ্যে সেখানে বিভিন্ন প্রজাতির সাড়ে ছয় হাজারের বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দ্বীপটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, ছেড়াদ্বীপে বর্তমানে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার ও গাছপালার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। বনায়ন কার্যক্রম যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায় এবং দ্বীপটি তার স্বাভাবিক পরিবেশ ফিরে পায়, সে জন্যই এ উদ্যোগ।
তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডসহ স্থানীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। কোনো পর্যটক যাতে সরকারি নির্দেশনা অমান্য করে ছেড়াদ্বীপে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছেন।
পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, গত বছরের মতো চলতি বছরও ছেড়াদ্বীপে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। কারণ, এ দ্বীপে এমন কিছু অনন্য জীববৈচিত্র্য রয়েছে, যা সেন্টমার্টিনের অন্য কোথাও দেখা যায় না। বিশেষ করে বিভিন্ন প্রজাতির জীবন্ত প্রবালের উপস্থিতির কারণে দ্বীপটি পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খন্দকার মাহমুদ পাশা আরও বলেন, ছেড়াদ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৬ হাজার ৫০০টির বেশি গাছের চারা রোপণ করা হয়েছে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ দ্বীপ সেন্টমার্টিনের একটি স্বতন্ত্র অংশ। তাই এর প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ অনন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা জরুরি।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছেড়াদ্বীপে পর্যটকদের আকর্ষণ করলেও আপাতত সেখানে যাওয়ার সুযোগ নেই। সাময়িক ভ্রমণ-আকাঙ্ক্ষার চেয়ে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকেই বেশি গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানুষের পদচারণ কমিয়ে প্রকৃতিকে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ করে দেয়াই এ উদ্যোগের লক্ষ্য। তাই আপাতত ছেড়াদ্বীপ দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে পর্যটকদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন