প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতির মাধ্যমে তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছেন। আদীনাথ ও ঊর্মিলা যৌথ বিবৃতিতে বলেছেন, অনেক ভাবনাচিন্তার পর তারা বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, তাদের দাম্পত্যের ইতি ঘটলেও মেয়ে জিজাহই তাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার হবে। তারা আরও লিখেছেন, 'আমাদের দাম্পত্যের পথচলা শেষ হলেও মেয়ে জিজাহর প্রতি আমাদের দায়বদ্ধতা অটুট। আমরা দুজনই যৌথভাবে তার লালন-পালন করব, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে।' বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ সময় একসঙ্গে কাটানো স্মৃতি ও সম্পর্কের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তারা সংবাদমাধ্যম এবং ভক্তদের কাছ থেকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। বিবৃতির শেষে তারা বলেন, 'আমাদের বন্ধু, সংবাদমাধ্যম এবং সবার কাছে অনুরোধ, এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এ বিষয়টি নিয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। এরপর আর কোনো মন্তব্য করব না। আপনাদের উষ্ণতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।' গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্যে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে ভারতীয় গণমাধ্যমে তাদের আলাদা থাকার খবর প্রকাশিত হলেও, তখন এ বিষয়ে কেউই মুখ খোলেননি। এর আগে এক সাক্ষাৎকারে ঊর্মিলা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 'বিষাক্ত' আলোচনায় তিনি গুরুত্ব দেন না। তিনি একই সঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন, অনলাইনে প্রচারিত সব তথ্য বিশ্বাস করা উচিত নয়। ২০০৬ সালে 'শুভ মঙ্গল সাবধান' সিনেমার শুটিংয়ের সময় প্রথম পরিচয় হয় আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকরের। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে। ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয় ঊর্মিলার। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন তারা। ২০১৮ সালে তাদের কন্যাসন্তান জিজাহর জন্ম হয়। অভিনয়জীবনে ঊর্মিলা 'দুনিয়াদারি', 'মালা আই ভ্হায়চি!' ও 'তি সধ্যা কায় কারতে'সহ একাধিক জনপ্রিয় মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তিনি হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কাজ করেছেন। অন্যদিকে, আদীনাথ কোথারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক—তিন ভূমিকাতেই মারাঠি চলচ্চিত্রে স্থান তৈরি করেছেন। বর্তমানে আদীনাথের হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত প্রকল্প। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত 'রামায়ণ' সিনেমায় তিনি ভারত চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া হানসাল মেহতার 'গান্ধী টকস' সিনেমাতেও দেখা যাবে তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন