প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কিছু কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেন। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রাবেয়া বেগম তেমনই একজন কর্মকর্তা। ২৪ জুলাই তিনি বদলি হয়ে ভুটানে বাংলাদেশ দূতাবাসে একই পদে যোগ দিচ্ছেন। গ্রিসে প্রায় চার বছর দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিকতা, সহজ যোগাযোগ ও সেবামুখী মনোভাবের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বদলির খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে অসংখ্য শুভেচ্ছা ও আবেগঘন বার্তা প্রবাসীরা দেন। অনেকেই লিখেছেন, রাবেয়া বেগমের বিদায়ে গ্রিসের বাংলাদেশি কমিউনিটি একজন প্রবাসীবান্ধব ও মানবিক কর্মকর্তাকে হারাল। শুধু গ্রিসে নয়, মাল্টা ও আলবেনিয়ায় বাংলাদেশের পৃথক দূতাবাস না থাকায় সেখানকার প্রবাসীদের কনস্যুলার সেবাও এথেন্সের বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া হয়। রাবেয়া বেগম একাধিকবার সরেজমিনে এসব দেশে গিয়ে কনস্যুলার সেবা প্রদান এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গত ১৬ জুলাই এথেন্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাবেয়া বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সহকর্মীরা তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। এ সময় তাঁকে স্মারক উপহারও প্রদান করা হয়। ২০২২ সালের শেষ দিকে দ্বিতীয় সচিব হিসেবে এথেন্সে যোগদান করা রাবেয়া বেগম পরে পদোন্নতি পেয়ে প্রথম সচিব (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানী এথেন্সের পাশাপাশি গ্রিসের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, কনস্যুলার সেবা সহজ করা এবং প্রবাসীদের নানা সংকটে পাশে দাঁড়ানোর কারণে তিনি কমিউনিটির কাছে একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। রাবেয়া বেগমের বিদায় প্রবাসীদের অনেকের মতে শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তার বদলি নয়; এটি একজন আন্তরিক অভিভাবকসুলভ মানুষের বিদায়। তাঁর পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। রাবেয়া বেগমের গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন