প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে ভরা মৌসুমে উপজেলাবাসীর নদ-নদীতে কাঙ্ক্ষিত ইলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। কঁচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে, দিন-রাত জাল ফেলার পরও অধিকাংশ জেলেরা খালি হাতে ফিরে আসছেন। যদিও দু-একটি ইলিশ ধরা পড়ছে, তবে এর দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে একদিকে যেমন জেলেদের মধ্যে হতাশা উপনীত হচ্ছে, অন্যদিকে বাজারে ইলিশের দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গেছে। স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এমনকি ৫০০ গ্রাম ওজনের ইলিশও প্রতি কেজি ২ হাজার টাকার বেশি দাম হাঁকা হচ্ছে। ফলে সাধারণ মানুষ ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কাউখালী উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ জন ইলিশ শিকারি জেলে রয়েছেন। তাদের অধিকাংশেরই প্রধান জীবিকা হচ্ছে নদীতে মাছ ধরা। কিন্তু চলতি মৌসুমে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় তারা অর্থনৈতিক সংকটে পড়েছেন। কঁচা নদীর জেলে কাউছার হোসেন ও সমীরণ বলেন, "সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল ফেলেও কোনো দিন একটাও ইলিশ পাই না। যা পাই, তা দিয়ে নৌকার তেলের খরচও ওঠে না। সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে।" সন্ধ্যা নদীর জেলে মজিবর ও হিরন বলেন, "ভরা মৌসুমে এমন অবস্থা আগে খুব কম দেখেছি। আমরা নদীতে সময় দিচ্ছি, কিন্তু মাছ নেই। বিকল্প কোনো কাজও নেই। অনেক পরিবার এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।" মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের স্বাভাবিক চলাচল ও প্রজনন অনেক সময় নদীর পানির প্রবাহ, লবণাক্ততার পরিবর্তন, জলবায়ু পরিস্থিতি এবং অতিরিক্ত আহরণের ওপর নির্ভর করে। এ বছর বিভিন্ন পরিবেশগত কারণে ইলিশের গতিপথ পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নদীতে পর্যাপ্ত ইলিশ না আসার পেছনে নানা কারণ রয়েছে। এ প্রসঙ্গে কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, "চলতি সময়ে জেলেদের প্রত্যাশা অনুযায়ী ইলিশ ধরা পড়ছে না, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। নদীর পরিবেশগত পরিবর্তন, পানির প্রবাহ এবং মাছের চলাচলের ধরন বিশ্লেষণ করা হচ্ছে। জেলেদের দুর্ভোগের বিষয়টিও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিভিন্ন সময়ে সরকারিভাবে জেলেদের সহায়তা দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন