প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাতিষ্ঠানিক বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন ও যুগোপযোগী আধুনিকায়নে মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য এবং জাতি তা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন এমফিল-পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি ড. মোহাঃ আহমাদুল্লাহ।
‘মাদার অফ ডেমোক্রেসি’ শীর্ষক বিশেষ স্মরণিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি মাদ্রাসা শিক্ষা বিস্তারে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন।
নিবন্ধে ড. মোহাঃ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, স্বায়ত্তশাসিত কার্যক্রম শুরু, শিক্ষকদের চাকরিবিধি প্রণয়ন এবং দাখিল ও আলিমকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের স্বীকৃতি দিয়ে মাদ্রাসা শিক্ষার যে শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া তা পূর্ণতা দান করেন।
প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার শাসনামলের (১৯৯১–১৯৯৬ এবং ২০০১–২০০৬) উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরে বলা হয়, তাঁর সময়েই মাদ্রাসা শিক্ষায় সরকারি বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং বিপুলসংখ্যক বেসরকারি মাদ্রাসা অনুমোদন ও এমপিওভুক্ত করা হয়। নারী শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে দেশব্যাপী মাদ্রাসাছাত্রীদের জন্য উপবৃত্তি চালু এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর গাজীপুরের বোর্ডবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এছাড়া ২০০১ থেকে ২০০৬ মেয়াদে মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করতে নির্বাচিত মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স চালু, দাখিল ও আলিম স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় অনুমোদন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং দেশব্যাপী অসংখ্য একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। নিবন্ধে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়, ২০০৬ সালের ২৮ আগস্ট তাঁর সরকারই ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ফাজিলকে স্নাতক এবং কামিলকে স্নাতকোত্তর সমমান দেওয়ার খসড়া অনুমোদন করেছিল।
ড. আহমাদুল্লাহ আরও বলেন, মরহুমা দেশনেত্রীর আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার এবং জাতীয় সংসদের ঘোষণায় এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু ও বিজ্ঞান, আইটি এবং ইংরেজি শিক্ষার সম্প্রসারণের মতো আধুনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নিবন্ধের শেষে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বলেন, মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন