প্রিন্ট এর তারিখঃ ১৭ই অক্টোবর, ২০২৬ইং; ০২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ই আগস্ট, ২০২৬ইং; ০৩:০৩ পি.এম
পিরোজপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের সঠিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে শুরু হতে যাওয়া ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এ শুমারি অনুষ্ঠিত হবে। শুমারির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইব্রাহিম খলিল, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদসহ জেলা ও উপজেলা গুলো থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নৌযান শুমারি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নৌযান শুমারিতে পিরোজপুর জেলায় মোট ১৩০ জন গণনাকারী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৬ জন, নাজিরপুরে ৪০ জন, জিয়ানগরে ১০ জন, ভাণ্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ১৮ জন, নেছারাবাদে ৪০ জন এবং কাউখালীতে ৯ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন।
গণনাকারীরা জেলার সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন। শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"