প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তাঁর ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আগামীকাল শুক্রবার (২৬ জুন) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও সরকারি অনুমোদন ছিল, তারপরও সরকার থেকেই শেষ মুহূর্তে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কনসার্টের প্রস্তুতি এবং আনুষ্ঠানিকতার কাজ সম্পন্ন করা হয়েছিল। তবে আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনার ভিত্তিতেই কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা আরও জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণার চেষ্টা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব না হয় তবে টিকিটধারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি যেসব দর্শক টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
সংগীতপ্রেমীদের উদ্দেশ্যে আয়োজকরা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সকল দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পন্সর এবং সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী, যে খুব শিগগিরই আরও অনুকূল সময়ে আপনাদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারবো।
সিলট টির পৃষ্ঠপোষকতায় ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এবং ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এ কনসার্টে অনুপম রায় এবং তাঁর ব্যান্ডের সঙ্গে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনিরও গান পরিবেশনায় অংশগ্রহণের কথা ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন