প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ১৫ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার পাইকগাছা উপজেলার ১৫১টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক এমপি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সকল পূজা মন্দিরকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশনা দিয়েছেন। কেন্দ্র, জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির পর্যবেক্ষক টিম এবং মন্দির ভিত্তিক ভলেন্টিয়াররা ২৪ ঘণ্টা নজরদারি করবে।
তিনি বলেন, "আমাদের সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এই বন্ধন যেন অটুট থাকে। কোনো অবস্থাতেই যেন সুযোগ-সন্ধানীরা এই সম্প্রীতির বন্ধনকে ধুলিসাৎ করতে না পারে, এজন্য আমাদের সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"
এমপি ফাহমিদা হক আরও বলেন, "কয়রা-পাইকগাছার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন রাস্তা-ঘাট, কালভার্ট নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে ইতোমধ্যেই তালিকা জমা দিয়েছি। আজ মন্দির অনুযায়ী সরকারি বরাদ্দের ডিও লেটার মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেওয়া হলো। এর বাইরেও ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি পূজা মন্দিরে ৫ হাজার টাকা করে ২ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।"
তিনি আরো বলেন, "এই অঞ্চলের উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রী ইতোমধ্যেই গুরুত্ব সহকারে দেখছেন। অবহেলিত এই অঞ্চলকে আধুনিকায়নে দৃশ্যমান কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি জনসাধারণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে ভূমিকা রাখবেন।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, এজন্য বর্তমান সরকার সকল প্রকার সহায়তা প্রদান করছে।"
প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী-সমর্থকদের নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এ্যাড. আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষ্মী রানী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যক্তিদের মাঝে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন