প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি (বিএম) শাখায় ভরাডুবি হয়েছে। উপজেলার তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৩২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৮৩ জন। অকৃতকার্য হয়েছে ১৪৯ জন। ফলে এ শাখায় পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৭ শতাংশে।
গত ৩১ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
ফলাফলে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র তিনজন। পাসের হার ৬ দশমিক ৮১ শতাংশ। অর্থাৎ প্রতিষ্ঠানটির ৪১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এ ছাড়া জটিয়াবর কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২০ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে তুলনামূলক ভালো ফল করেছে পূর্বধলা সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭০ জন। পাসের হার প্রায় ৫০ দশমিক ৩৬ শতাংশ।
কারিগরি শিক্ষাকে কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরির অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও পূর্বধলায় এ ধারার ফলাফল হতাশাজনক। বিশেষ করে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৭ শতাংশের নিচে নেমে আসায় শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও যথাযথ তদারকির অভাব এ ধরনের ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন