প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে শহরের শহীদ টিটু মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ দেড় যুগ পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন বগুড়ার ব্যবসায়ীরা।
জানা গেছে, ভোটের প্রথম এক ঘণ্টাতেই শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির মোট ১২টি পদের বিপরীতে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১ হাজার ৭৭ জন ভোটার তিনটি আলাদা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবেন।
নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুটি প্যানেলের মধ্যে, বিএনপি সমর্থিত ‘বাদল-হিরু প্যানেল’ এবং জামায়াতে ইসলামী সমর্থিত ‘সেলিম-এরশাদ প্যানেল’। এর বাইরে বেশ কয়েকজন ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনি মাঠে লড়ছেন। চেম্বারের সভাপতি পদে সরাসরি দ্বিমুখী লড়াই হচ্ছে দুই প্যানেলের শীর্ষ নেতার মধ্যে। বাদল-হিরু প্যানেলের সভাপতি পদপ্রার্থী এমএসএম আতিকুর রহমান বাদল ‘গোলাপ ফুল’ প্রতীক এবং সেলিম-এরশাদ প্যানেলের মো. সেলিম রেজা ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সভাপতি পদের ৪টি প্রতীকের বিপরীতে বাদল-হিরু প্যানেল থেকে মো. হামিদুল হক চৌধুরী হিরু (আনারস), সেলিম-এরশাদ প্যানেল থেকে মো. এরশাদুল বারী এরশাদ (হারিকেন) এবং মো. মামুনুর রশিদ মামুন (মোমবাতি) ও স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদুর রহমান শিপন (খেজুরগাছ) প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পরিচালক পদের জন্য ২২ জন প্রার্থীর মধ্যে দুই প্যানেলের ১৮ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
উল্লেখ্য, বগুড়া চেম্বারে সর্বশেষ সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। এরপর দীর্ঘ সময় বিনা ভোটে কমিটি গঠিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রথমে প্রশাসক এবং পরবর্তীতে জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুনকে চেয়ারম্যান করে তিন সদস্যের এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন