প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে, পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় ভাইকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই), দুপুর ১২টার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত শিশু মুহাম্মদ আলভি সাইদ (৮) এবং জীবিত উদ্ধার হওয়া মুহাম্মদ আজমীর (১০) উভয়েই রাজনগর গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে। তারা শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়ার নাতি এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুরের সময় দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় একটি বল আনতে গিয়ে তারা দুইজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে আজমীরকে জীবিত উদ্ধার করা সক্ষম হলেও আলভি খুঁজে পাওয়া যায়নি। পরে, পুকুরে জাল ফেলে প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর স্থানীয়দের সহায়তায় আলভিকে উদ্ধার করা হয় এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর নিহত শিশুর পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে, শিশুদের জলাশয়ের আশপাশে একা যেতে না দেওয়া এবং গোসল বা খেলাধুলার সময়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন