প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের তারকাদের ছবি ও চলাফেরার তথ্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে পাঠানোর অভিযোগে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেরালার ত্রিশূর থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম গুরুমূর্তি। এই তথ্য ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, গুরুমূর্তি মুম্বাইয়ে চলচ্চিত্র তারকাদের ছবি তুলে সেগুলো গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যদের কাছে পাঠাতেন। শনিবার সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পুলিশের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায়।
অভিযোগ রয়েছে, তামিলনাড়ুর বাসিন্দা গুরুমূর্তি শুধু তারকাদের ছবি তোলার কাজই করেননি, বরং তাদের চলাফেরা ও অবস্থানের ওপরও নজর রাখতেন। পরে তিনি এসব তথ্য বিদেশে অবস্থানরত গ্যাংয়ের সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন। পুলিশ জানায়, এর বিনিময়ে তামিলনাড়ুর উদুমালপেতে থাকা তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো।
বৃহস্পতিবার রাতে ত্রিশূর সিটি পুলিশের একটি বিশেষ দল পালক্কাদ জেলার ওট্টাপালাম থেকে গুরুমূর্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরে তিনি ওই এলাকায় একটি দুধের বুথে কাজ করছিলেন এবং সেখানেই বসবাস করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওট্টাপালামে আসার আগে গুরুমূর্তি মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খান্ডিভালি পশ্চিম এলাকায় থাকতেন।
কেরালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের লুকিয়ে থাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ত্রিশূর পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের দাবি, এই গ্যাংটি একাধিক হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় জড়িত। তাদের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে।
পুলিশ সূত্র পিটিআইকে জানিয়েছে, তদন্তে জানা গেছে, গুরুমূর্তি মুম্বাইয়ে আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। তিনি চলচ্চিত্র তারকাদের ছবি তোলার পাশাপাশি তাদের চলাফেরার ওপর নজর রাখতেন।
অভিযোগ রয়েছে, এভাবে সংগ্রহ করা ছবি এবং তারকাদের যাতায়াত ও গতিবিধি সম্পর্কিত বিস্তারিত তথ্য তিনি বিদেশে অবস্থানরত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছে পাঠাতেন।
শুক্রবার আদালত গুরুমূর্তিকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তের স্বার্থে তাকে উদুমালপেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পুলিশ। পাশাপাশি তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহেরও চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, হত্যা, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক অপরাধের সঙ্গে গুরুমূর্তির কথিত সম্পৃক্ততা রয়েছে। এসব ঘটনায় তার ভূমিকা জানতে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে।
তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ১৮ নম্বর ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র, চেষ্টা এবং এ ধরনের কাজে সহায়তার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে সহায়তার জন্য কেরালা অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের সহযোগিতা চেয়েছে পুলিশ। এ ছাড়া, গুরুমূর্তির গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকেও জানানো হবে।
তদন্তকারীরা আরো খতিয়ে দেখছেন, চলচ্চিত্র তারকাদের ছবি ও তাদের চলাফেরার তথ্য সংগ্রহ করে গুরুমূর্তি কার কাছে এবং কী উদ্দেশ্যে পাঠাতেন। পাশাপাশি তার স্ত্রীর ব্যাংক হিসাবে সন্দেহজনক কোনো অর্থ লেনদেন হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন