প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।
তিনি উল্লেখ করেছেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জনগণের জানার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে মাতারবাড়ি প্রকল্প এবং জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তির বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরা আবশ্যক।
আজ জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের কাছ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন এবং বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে এবং রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ি চুক্তি ও প্রকল্পের সার্বিক তথ্য প্রকাশ, গঙ্গা চুক্তি নবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ডিলার নিয়োগ, সংবিধান সংশোধন এবং জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন