০৭:৫৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান
সূত্র জানায়, পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।
পিরোজপুরের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার ওপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা পিরোজপুর জেলার এলজিইডি প্রকল্পগুলোর পূর্ববর্তী অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় উঠে এসেছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এসব প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছিল। কয়েকটি প্রকল্পে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের
এ সময় প্রধানমন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন