প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে হাঁসে জমির ধান খাওয়ার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আহত বাবা-ছেলেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত রিপন ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দুপুরে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মামুন ও তাঁর বাবা শামসুদ্দিন লাঠি ও সোঁটা নিয়ে সাদেকুল ইসলাম এবং তাঁর ছেলে রিপন ইসলামের ওপর হামলা চালান। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হন সাদেকুল ও রিপন। অভিযোগ অনুযায়ী, মামুন ও তাঁর সহযোগীরা তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। হামলার একপর্যায়ে গুরুতর আহত রিপনকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নালায় ফেলে রেখে ওই অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয়রা সাদেকুল ইসলামকে উদ্ধার করলেও প্রথমে রিপনের খবর পাননি। পরে দীর্ঘ সময় খোঁজার পর তাঁকে গুরুতর আহত এবং মুমূর্ষু অবস্থায় ওই নালা থেকে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত মামুনের বাড়ি ঘেরাও করেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন