প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার্থী ভিসায় বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার আসামি নাবিল ইউসুফ রাফির জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
জানা গেছে, এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে আসামি নাবিল ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে উল্লেখ করে, আসামি নাবিল ইউসুফ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের নির্দিষ্ট কৌশল, জড়িত অন্যান্য আসামিদের পরিচয় এবং আত্মসাৎ করা অর্থের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়া ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘ভিসাগাইড’ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদী যারীন তাসনীমসহ একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। অভিযুক্ত ব্যক্তিরা বাদীসহ মোট ৩৬ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। বিনিময়ে তাদের চেক ও রসিদ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি।
পরবর্তীতে গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তাদের না জানিয়ে কার্যালয়টি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন