প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক ১৫ আগস্টের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা বাকি চারটি ব্যাংক থেকে প্রশাসকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত করেছে। এর মাধ্যমে ব্যাংকটির পুরো পরিচালনার দায়িত্ব নতুন ব্যবস্থাপনার কাছে হস্তান্তর করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্ব গ্রহণ করার পর। ফলে ব্যাংকটি নিয়মিত ব্যবস্থাপনা কাঠামোর অধীন পরিচালিত হবে।
এর আগে ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসকদের ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর অস্থায়ীভাবে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মূল দায়িত্ব ছিল পাঁচটি ব্যাংকের ঋণ, আমানত ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ব্যবস্থা একীভূত করার কাজ।
তিনি আরও বলেন, ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার পর একই প্রতিষ্ঠানে প্রশাসক ও ব্যবস্থাপনা পরিচালক থাকলে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। তাই এ কারণেই প্রশাসকদের সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, পাঁচটি ব্যাংকের কার্যক্রম একীভূত করা এবং নতুন ব্যবস্থাপনায় দায়িত্ব হস্তান্তরের জন্য প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছিল। এর বেশিরভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ধাপে ধাপে ব্যাংকের পরিচালনার দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনার কাছে হস্তান্তর করা হচ্ছে।
তবে ব্যাংকগুলোর প্রযুক্তিগত একীভূতকরণের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। পাঁচটি ব্যাংকের মূল ব্যাংকিং সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা এবং আন্তর্জাতিক লেনদেনের হিসাব ব্যবস্থার একীভূতকরণের কাজ চলমান রয়েছে।
এ কারণে কিছু কার্যক্রম আগের ব্যাংকগুলোর নামেই পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত একীভূতকরণ শেষে পুরো ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের নামেই পরিচালিত হবে।
কর্মকর্তারা আরো জানান, একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর একই প্রতিষ্ঠানে প্রশাসক রাখার আর প্রয়োজন নেই। কারণ দুই পদের মধ্যে দ্বন্দ্ব এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। এজন্য ধাপে ধাপে প্রশাসকদের সরানো হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক সরানো হয়েছে, কারণ নতুন ব্যবস্থাপনা পরিচালক ওই ব্যাংকের কার্যালয় থেকে প্রধান কার্যক্রম পরিচালনা করবেন। তাই এক্সিম ব্যাংকের দায়িত্ব হস্তান্তরের কাজ আগে সম্পন্ন হয়েছে। বাকি চারটি ব্যাংকও ১৫ আগস্টের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনার অধীনে চলে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন