প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ বিরতির পর আবারও কক্সবাজারে ফিরে আসছে সিনেমা। কক্সবাজার ফিল্ম সোসাইটির উদ্যোগে কক্সবাজারে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনীর সময় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশে সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির বিকাশের উদ্দেশ্যে ‘কক্সবাজার টকিজ’ শিরোনামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নতুন আয়োজনের বিস্তারিত জানাতে বুধবার (৩ জুন) দুপুর ১টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কক্সবাজার ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন ফারুক আমিন, দফতর ও যোগাযোগ সম্পাদক ফরহাদ জামান জনি এবং সদস্য আবদু রশিদ মানিক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৫ ও ৬ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকরা দুই দিনে তিনটি করে চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন।
আয়োজকদের মতে, কক্সবাজারে দীর্ঘ সময় ধরে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্রচর্চার কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এই আয়োজনে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের একত্রিত করার পাশাপাশি চলচ্চিত্রকে কেন্দ্র করে নতুন সাংস্কৃতিক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রদর্শনীর প্রথম দিন ৫ জুন বিকেল ৩টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে শাহীন দিল-রিয়াজ পরিচালিত তথ্যচিত্র ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’ এবং সন্ধ্যা ৭টায় আসবে মোহাম্মদ তৌকীর ইসলাম ও তার দলের নির্মিত চলচ্চিত্র ‘দেলুপি’ প্রদর্শিত হবে।
দ্বিতীয় দিন ৬ জুন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। বিকেল সাড়ে ৫টায় থাকবে ফজলে রাব্বী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তাদাত্ম অন্বেষণ: দ্য ইটার্নাল জার্নি’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।
যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন ফারুক আমিন জানান, প্রদর্শিত সকল চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল থাকবে, এ কারণে দেশি-বিদেশি দর্শকরা সহজেই উপভোগ করতে পারবেন। প্রতিদিনের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা। পাশাপাশি অনলাইন এবং ভেন্যুতেই নিবন্ধনের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয় বরং এটি সমাজ এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশে চলচ্চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্রচর্চার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেছেন যে ‘কক্সবাজার টকিজ’-এর মাধ্যমে কক্সবাজারে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ও দর্শকভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের নতুন সম্ভাবনা তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন