প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক জালনোট চেনার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করেছে। নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য বোঝাতে লাইটার ব্যবহার করে নমুনা প্রদর্শন করেন সিলেট কার্যালয়ের যুগ্ম পরিচালক (ক্যাশ) রনজিত চন্দ্র মালাকার। এছাড়া, নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রং পরিবর্তনশীল কালি ও মাইক্রো প্রিন্টসহ মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সিলেটের জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬’ শীর্ষক এই আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, সিলেট।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রনজিত চন্দ্র মালাকার উল্লেখ করেন, জালনোটের প্রচলন প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল ও জাল নোটের পার্থক্য বুঝতে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সবার ধারণা থাকা আবশ্যক।
কর্মশালায় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, যদি কোনো ব্যাংক ময়লা বা সয়েল নোট কিংবা নষ্ট নোট গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভাপতির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ বলেন, অনেক সময় মানুষ ময়লা বা নষ্ট নোট নিয়ে বিড়ম্বনায় পড়েন। এ ধরনের ভোগান্তি এড়াতে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেনের ব্যবহার বাড়াতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জালনোট শনাক্তের ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরা হয়। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব ও লেনদেন নিরাপদ রাখা, পিন ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা এবং আর্থিক প্রতারণা থেকে সুরক্ষার বিভিন্ন উপায় সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম সরকার। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, জকিগঞ্জ শাখার ম্যানেজার (এসপিও) মোহাম্মদ কামরুল হাসান।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না। তাঁরা জালনোট প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন ও বাজার পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচারণা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক সামিয়া শারমিন এবং উপপরিচালক শুভাশীষ পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক, জকিগঞ্জ শাখার সিনিয়র অফিসার দেলোয়ার হোসেন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সিলেট-সাউথের এসপিও এ.টি.এম. ইকবাল হোসেন।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, জকিগঞ্জ শাখার লিড ব্যাংক হিসেবে সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
______
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন