প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম সক্রিয় সদস্য তাফাজ্জুল মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে।
লিবিয়ার মাফিয়া চক্রের হাতে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৮ জুলাই (শনিবার) শাল্লা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। তাফাজ্জুল শাল্লা গ্রামের মৃত মো. মদন মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে এবং শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামানের নেতৃত্বে এসআই মো. শাহজাহান ও এসআই ইমাম আরফিনসহ পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
ভয়াবহ প্রতারণার শিকার ভিকটিম মাসুদ রানা রাকিবকে সুদূর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এই মানবপাচারকারী চক্র প্রথমে ২২ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর সে লিবিয়ার মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানে রাকিবের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে সেই নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।
পরবর্তীতে রাকিব মানবেতর জীবনযাপন করার পর, প্রবাসীদের সহায়তায় এবং International Organization for Migration (IOM) ও বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় ১ ডিসেম্বর ২০২৫ তারিখে বিমানযোগে দেশে ফিরে আসেন।
এই চক্রের সদস্যরা অত্যন্ত বিপজ্জনক এবং আন্তর্জাতিক মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামি মো. আকাশ মিয়া (২৭) এই আন্তর্জাতিক চক্রের মূল সমন্বয়ক, যে অপরাপর আসামিদের সহায়তায় অবৈধ পথে ইউরোপে নেওয়ার নামে অসংখ্য মানুষের জীবন সাগরে বিলীন করে দিয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, "মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় শাল্লা থানায় একটি মামলা (মামলা নং-১১, জিআর নং-৭৭) দায়ের করা হয়েছে। এই চক্রের মূলহোতা তাফাজ্জুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুই পলাতক আসামি মো. আকাশ মিয়া (২৭) ও গুলজার মিয়াকে (৫২) গ্রেফতারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।"
ভুক্তভোগী পরিবারটি এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিখোঁজ ও প্রতারিত হওয়া অন্য পরিবারগুলোর জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন