প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীতে বিভাটেক (মিশুক) চালক সারোয়ার হোসেনকে (২২) গলা কেটে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত বিভাটেক গাড়ি ও এর ৪টি ব্যাটারি।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (২৭), কিশোরগঞ্জ জেলার হারুয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নরসিংদীর টাওয়াদী এলাকায় বসবাসকারী; অপরজন আশিক (২১), নরসিংদী জেলার বুদিয়ামারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সারোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৩ জুন দুপুরে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে ১৫ জুন রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী মডেল থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেড়িবাঁধ সংলগ্ন একটি ঝোপ থেকে সারোয়ারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-এর নির্দেশনায় নরসিংদী মডেল থানার একটি চৌকস দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দ্রুত অভিযানে নেমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সারোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করে বিভাটেক গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন