প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যের আহ্বান জানিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গঠন করা যেতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ঐক্যের পর চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। এনসিপির সঙ্গে চাঁদাবাজদের কোনো ঐক্য হতে পারে না।
গতকাল বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে ৮ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির গাজীপুর মহানগর, জেলা ও সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। তবে ঐক্যটি হতে হবে নীতি ও আদর্শের ভিত্তিতে। তিনি উল্লেখ করেন, চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে জড়িতদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শ্রমজীবী মানুষের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতের সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
সমাবেশে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, প্রশিক্ষণ সম্পাদক এম এম শোয়েব, শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদস্য সচিব আবুল কাশেম মাস্টার, গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুকসহ মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে ৮ দফা দাবিতে ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে কেন্দ্রীয় নেতাদের গাজীপুরে আগমন উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক আলী আকবর আকাশ, সদর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম এবং গাজীপুর মহানগর এনসিপির আহ্বায়ক সদস্য হাবিব চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন