প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:১৭ এম || প্রকাশের তারিখঃ ১ই জুলাই, ২০২৬ইং; ০১:৪৩ পি.এম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে বিদ্যালয়ের চার ছাত্রী নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ছাত্রীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের সদস্য ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় চার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থী ঋতু দেবনাথের বাবা রমেশ দেবনাথ মুঠোফোনে বলেন, “আমার মেয়েসহ চারজন নিখোঁজ রয়েছে। আমি এখন বিষয়টি নিয়ে ব্যস্ত আছি, পরে কথা বলব।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম বলেন, “প্রাথমিকভাবে বিষয়টি প্রেমঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়ভাবে জানা গেছে, তারা একটি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত নয়। মোবাইল ফোনের অবস্থান বিশ্লেষণে জানা গেছে, তারা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"