প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির পর হরমুজ প্রণালীতে উত্তেজনা কমে আসায় ফ্রান্সের বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’ এখন তার নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা দেখা দেওয়ায় দুই মাস আগে রণতরিটি মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’ তুলোঁ-তে অবস্থিত তার নিজ ঘাঁটিতে ফিরে যাবে। তবে আমাদের মাইন-প্রতিরোধকারী সরঞ্জাম ও এর সুরক্ষায় নিয়োজিত জাহাজগুলো সবসময় মোতায়েন থাকবে। একই সঙ্গে মিত্রদের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনায় আমাদের প্রস্তুতি থাকবে।
যুদ্ধ-পরবর্তী সময়ে এই প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইউরোপীয় নেতারা নৌ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্রান্স ও যুক্তরাজ্য ৪০টিরও বেশি দেশের একটি জোটের নেতৃত্ব দিচ্ছে এই সহায়তার ক্ষেত্রে, যারা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সরবরাহের অঙ্গীকার করেছে।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট কিছুটা শিথিল হয়েছে। মে মাসের মাঝামাঝি সময় থেকে ফ্রান্স তাদের একমাত্র বিমানবাহী রণতরীটি আরব উপদ্বীপের উপকূলে মোতায়েন রেখেছিল। প্রয়োজনে দুই-তিন দিনের মধ্যেই সেটিকে আবারও হরমুজ প্রণালীতে মোতায়েন করা সম্ভব ছিল। এছাড়া ওই এলাকায় দেশটি দুটি মাইন-ধ্বংসকারী জাহাজসহ অন্যান্য নৌ-সম্পদও মোতায়েন করেছে।
ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে জানান, ওমান সালতানাত ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে কর্মরত থাকবে, যাতে তাদের সার্বভৌম জলসীমা নৌ-চলাচলের জন্য নিরাপদ রাখা যায়।
এদিকে, ইরান এই জলপথে সামরিক জাহাজ না পাঠানোর জন্য বাইরের শক্তিগুলোর প্রতি সতর্কবার্তা জারি করেছে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনের তথ্যমতে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী হলো কোনো অঞ্চলের বাইরের শক্তিগুলোর জন্য সামরিক খেলার মাঠ নয়।
সূত্র: ব্লুমবার্গ, ডন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন