প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তাইওয়ান সামরিক প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল। চীনের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর লক্ষ্যে দেশটি রোবট কুকুর উদ্ভাবন করেছে। এটি মোটেই প্রথম নয়, এরই মধ্যে একটি সফল প্রদর্শনীও করানো হয়েছে। অস্ত্র বহন করতে সক্ষম রোবটগুলো ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরের কৌশলগত দ্বীপগুলোতে মোতায়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা এটিকে প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার নতুন অধ্যায় হিসেবে মূল্যায়ন করছেন।
গত মঙ্গলবার (২ জুন) তাইওয়ানের সামরিক বাহিনীর প্রধান অস্ত্র গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান তিনটি রোবটিক টহল কুকুর জনসমক্ষে তুলে ধরেছে। চার পাটি ওয়ালা রোবটগুলো বিভিন্ন সামরিক মিশন পরিচালনার জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রদর্শিত তিনটি সংস্করণের মধ্যে একটি নজরদারি ও পর্যবেক্ষণ, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যটি অগ্নিশক্তি প্রয়োগের জন্য তৈরি। অস্ত্রসজ্জিত সংস্করণটিতে একটি অস্ত্র রয়েছে, যা প্রয়োজন হলে দূর থেকে পরিচালনা করা সম্ভব।
তাইওয়ানের সামরিক গবেষণা প্রতিষ্ঠান জানাচ্ছে, এসব রোবট দুর্গম এলাকা, উপকূলীয় অঞ্চল কিংবা সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলে সৈন্যদের ঝুঁকি কমানোর জন্য টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
প্রতিষ্ঠানটির দাবি, সৈকত, উপকূলীয় এলাকা এবং দূরবর্তী দ্বীপগুলোতে টহল ও নিরাপত্তা কার্যক্রমে এসব রোবট কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। বিশেষভাবে সীমিত জনবল দিয়ে বড় এলাকা পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ সুবিধা দেবে বলেও মনে করা হচ্ছে।
তাইওয়ান জানাচ্ছে, ভবিষ্যতে এসব রোবটকে দক্ষিণ চীন সাগরের কৌশলগত দ্বীপগুলোতেও মোতায়েন করা যেতে পারে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ চীন সাগরে চীন, তাইওয়ান এবং অন্যান্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কৌশলগত অবস্থান শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্প্র্যাটলি এবং প্রাতাস দ্বীপপুঞ্জের দূরবর্তী উপকূলগুলোতে টহল ও পরিদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে। তাইওয়ানের সর্বোচ্চ অস্ত্র উন্নয়ন প্রতিষ্ঠান, সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনসিএসআইএসটি) তিন ধরনের চার পায়ের যান্ত্রিক কুকুর প্রদর্শন করেছে, যেগুলো সেনাবাহিনীতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এই রোবটগুলো মূলত আমেরিকান কোম্পানি ‘গোস্ট রোবোটিক্স’ তৈরি করেছে, আর তাইওয়ানের প্রতিষ্ঠান এতে নিজেদের প্রযুক্তি যুক্ত করেছে। এর মধ্যে একটি কুকুরের পিঠে গুলি চালানোর বন্দুকও রয়েছে।
এনসিএসআইএসটির মিসাইল ও রকেট গবেষণা বিভাগের উপপ্রধান জেন কুয়ো-কুয়াং জানিয়েছেন, তাইওয়ানের সেনাবাহিনী এই ধরনের রোবট কুকুরগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে, তবে এখনও কোনও অর্ডার দানে এগোতে পারেনি। তিনি বিশেষ করে উল্লেখ করেন, সেনাবাহিনী এই রোবট কুকুরগুলোকে তাইওয়ানের মূল দ্বীপ থেকে অনেক দূরের দ্বীপগুলোতে ব্যবহার করতে চায়—যেমন দক্ষিণ চীন সাগরে তাদের দাবিকৃত দ্বীপগুলোতে।
‘আসলে মেরিন বাহিনী মনে করে, সমুদ্র সৈকত ও উপকূল এলাকায়—বিশেষ করে নানশা (স্প্র্যাটলি) এবং দংশা (প্রাতাস) দ্বীপে কোস্ট গার্ডের টহল ও পরিদর্শনের জন্য এই রোবটগুলোর খুবই প্রয়োজন রয়েছে,’ বলেন তিনি।
বর্তমানে তাইওয়ান পুরো প্রাতাস দ্বীপপুঞ্জ এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ (ইতু আবা) নিয়ন্ত্রণ করছে। কিন্তু চীন দাবি করে, এই সব দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের প্রায় সব এলাকা তাদের। এর ফলে এবং দূরবর্তী অবস্থানের (তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৫০ মাইল দূরে) কারণে প্রাতাস দ্বীপগুলোকে তাইওয়ানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে গণ্য করা হয়।
তাইওয়ানের কোস্ট গার্ড প্রাতাস ও ইতু আবায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে, কিন্তু সেখানে কোনও বেসামরিক লোক থাকে না। তাই রোবট কুকুরগুলো সেখানে খুবই কার্যকর হতে পারে।
এছাড়া তাইওয়ান এবং চীন, উভয়েই প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ক্রমশ রোবটিক্সের দিকে ঝুঁকছে। চীন, যেটি রোবটিক্সে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ, ইতিমধ্যে সামরিক ব্যবহারের জন্য বেশ কয়েকটি রোবট কুকুর তৈরি করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে ওয়ার্ল্ড ডিফেন্স শোতে একটি চীনা কোম্পানি পিঠে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনকারী রোবট কুকুর প্রদর্শন করেছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাইওয়ানকে বড় অস্ত্র বিক্রির একটি প্রস্তাব (যার বিরোধিতা চীন করছে) এখনও পর্যালোচনাধীন রয়েছে। তিনি জানান, তাইওয়ান নিয়ে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত আছে। ‘দ্বিতীয় একটি বিক্রয় প্রস্তাব... ১৪ বিলিয়ন ডলারেরটি, সেটি এখনও পর্যালোচনাধীন,’ সিনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে তিনি বলেন। ‘তাইওয়ান নিয়ে আমাদের নীতি বদলাচ্ছে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন