প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় স্কুল ব্যাগে করে ভারতীয় মদ বহনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এবং পরে আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সারোয়ার হোসেন (৩১) নামে আরও একজন পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার রংছাতি ইউনিয়ন থেকে ‘মায়ের আঁচল’ নামের একটি বাসে করে ভারতীয় মদের চালান কলমাকান্দা বাজারে আনা হচ্ছে। পরে এসআই মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৯টা ৫৫ মিনিটে কলমাকান্দা বাজারের রেন্ট্রিতলা এলাকার বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়।
সেখানে তল্লাশি চালিয়ে মো. জাকির হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর কাঁধে থাকা কালো রঙের স্কুল ব্যাগ থেকে ৭৫০ মিলিলিটারের আট বোতল ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সারোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সারোয়ার পালিয়ে যান। পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাঁর বসতঘরের পেছনের ধানক্ষেত থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটিতে ৩৭৫ মিলিলিটারের আরও ২৪ বোতল একই ব্র্যান্ডের মদ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মো. সুমন মিয়া (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশে বিক্রি করতেন। তবে এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হতে হবে।
কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পলাতক সারোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন