প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিক মজলিস, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি মন্তব্য করেছে যে, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম এবং সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী প্রতিটি গ্রেডের বিদ্যমান মজুরি অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেছিলেন যে, গ্রেড-৪-এর মজুরি ১৮ হাজার টাকা করা উচিত। কিন্তু মালিকপক্ষের দুই প্রতিনিধি এবং নিরপেক্ষ ও সরকারি পক্ষের দুই প্রতিনিধির ভোটে তা ১৭ হাজার টাকায় নির্ধারণ করা হয়। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি এর বিপক্ষে ভোট দেন।
নেতারা আরও বলেন, বর্তমানে গ্রেড-৪-এর মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হলেও তা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা উল্লেখ করেন যে, শ্রমিকদের দাবি অনুযায়ী আরো ১ হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের ওপর বড় ধরনের চাপ তৈরি হতো না, বরং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরত।
বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরির বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। নেতারা দাবি করেন, একজন নিম্নস্তরের সরকারি কর্মচারীর বেতন যেখানে প্রায় ৩৬ হাজার টাকা, সেখানে একজন পোশাকশ্রমিকের ১৭ হাজার টাকায় পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেও দুই শ্রেণির মানুষের মধ্যে এমন ব্যবধান শ্রমিকদের হতাশ করেছে।
এ পরিস্থিতিতে দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এছাড়া, বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন, কারখানার মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে শ্রমিক মজলিস। শ্রমিকদের নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করে মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বানও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন