প্রিন্ট এর তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:৫৪ পি.এম
যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলা বেসরকারি যুব সংগঠন ‘ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (এনওয়াইডিও) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করেছে। সংগঠনটির এই নিবন্ধন লাভকে লক্ষ্মীপুরের যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির নিবন্ধন সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের হাত থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী অ আ আবীর আকাশ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু তারেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সালেহ উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম লিটন, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন, প্রফেসর নিজাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী, সংগঠক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংগঠন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনওয়াইডিও) যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ এবং বেকার যুবকদের কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিবন্ধন লাভের ফলে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিকভাবে বিস্তৃত করার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটি আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিবন্ধন সনদ গ্রহণের পর সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ আ আবীর আকাশ বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। অথচ বেকারত্ব, দক্ষতার অভাব ও কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে অনেক সম্ভাবনাময় তরুণ-তরুণী তাদের মেধা ও যোগ্যতার যথাযথ বিকাশ ঘটাতে পারছে না। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যাত্রা।
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ সংগঠনটির জন্য যেমন স্বীকৃতি, তেমনি এটি একটি বড় দায়িত্বও। এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে চান তারা। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, জাতীয় যুব দিবসের তাৎপর্য সামনে রেখে যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
এনওয়াইডিওর প্রত্যাশা—দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্বমুক্ত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে এগিয়ে নেওয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন