প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল শহরে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। এই গোলাগুলির ঘটনাটি একই পরিবারের সদস্যদের মধ্যে ঘটে, যার ফলে সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকালে ৮টার (জিএমটি ১২:০০) ঠিক আগে জরুরি বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্যাশওয়েল কাউন্টির শেরিফ টনি ডারডেন সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সকলেই প্রাপ্তবয়স্ক এবং তারা সবাই একই পরিবারের সদস্য।
নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) একটি বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বাকিদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শেরিফ কার্যালয়ের সূত্রে জানা গেছে, এর আগে এই পরিবারের সঙ্গে স্থানীয় শেরিফ দপ্তরের যোগাযোগ বা কোনো ঝামেলা ছিল এমন কোনো রেকর্ড নেই।
বর্তমানে এসবিআই-এর অপরাধ তদন্তকারী দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাটি পুরোপুরি পারিবারিক হওয়ায় সাধারণ জনগণের জন্য নতুন করে কোনো হুমকির আশঙ্কা নেই।
ঘটনার মূল কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন