প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের বিদায়ী বিরোধীদলীয় নেতা ও ‘বি’ইয়াচাদ’ দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট ‘পয়েন্টের ব্যবধানে জয়’ অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহুর জোটের আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তার সামনে সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। তবে বিরোধী জোটের নিরঙ্কুশ জয় না আসায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লাপিদ।
শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লাপিদ লেখেন, ‘মঙ্গলবার রাত ১০টায় আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে একটি সংখ্যার অপেক্ষায় ছিলাম। সেটি ৬১। কিন্তু সেটি হয়নি। আমাদের জন্যও নয়, আর নিশ্চিতভাবেই তার (নেতানিয়াহু) জন্যও নয়।’
নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন লাভ করেছে। তবে চারটি ইহুদিপ্রধান দলের মধ্যে তিনটি—ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরাইল বেইতেনু—মূলত আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের সঙ্গে জোট সরকারে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এই কারণে সরকার গঠনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নেতানিয়াহুবিরোধী ইহুদিপ্রধান দলগুলো ৪৮টি আসন পেয়েছে। অপরদিকে আরব নেতৃত্বাধীন দুটি দল ১৯টি আসন অর্জন করেছে, যা দেশটির ইতিহাসে সর্বাধিক।
নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কোনো স্পষ্ট পথ তারও নেই।
লাপিদ স্বীকার করেন, নেতানিয়াহুর বিরোধীরা ‘স্পষ্ট ও তাৎক্ষণিক জয়’ চেয়েছিলেন, যে জয়ের ফলে নিশ্চিন্তে ঘুমানো সম্ভব। কিন্তু নির্বাচনে তারা তেমন ফলাফল পায়নি।
ইসরাইলের বিদায়ী বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসন ৫৩টিতে নেমে এসেছে। এর মধ্যে ১৩টি আসন এমন দুই অতি-রক্ষণশীল দলের, যারা নিজেদের অ-জায়নবাদী হিসেবে বিবেচনা করে। ফলে নেতানিয়াহুর হাতে কার্যত ৪০টি আসন রয়েছে এবং কোনোভাবেই তার পক্ষে সরকার গঠন সম্ভব নয়।
পোস্টে লাপিদ বলেন, ‘তার হাতে এখন ৪০টি আসন। এটাই তার শক্তি। তিনি যা-ই করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার সামনে নেই।’
বর্তমান সরকারে থাকা নেতানিয়াহুপন্থি দলগুলো বিদায়ী নেসেটে ৬৮টি আসন পেয়েছিল। এবারের নির্বাচনে তাদের আসন কমে ৫৩টিতে দাঁড়িয়েছে। লাপিদ বলেন, ‘তার মানে আমরাই জিতেছি, এটি বড় ব্যবধানে নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। তবে পয়েন্টও গুরুত্বপূর্ণ। জয় তো জয়ই।’
তিনি জানান, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী জোট সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে কাজটি কঠিন হবে এবং সফলতা নিশ্চিত নয় বলেও স্বীকার করেন তিনি।
এ অবস্থায় ইসরাইলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে লাপিদ বলেন, ‘ইসরাইলিদের কাছে এমন কিছু চাওয়া কঠিন, তবু আমাকে ধৈর্য ধরার অনুরোধ করতে হচ্ছে।’
সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারের ঠিক বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। লাপিদের ভাষায়, ‘এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে সম্পন্ন হয়।’
সূত্র: টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন