প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ সীমান্তের মাধ্যমে অবৈধভাবে আনা কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি এবং শুল্ক ফাঁকির মালামালসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একযোগে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি স্টিলবডির বাল্কহেড নৌকাও জব্দ করা হয়েছে।
বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম-এর নির্দেশনায় এসআই রিফাতের নেতৃত্বে একটি বিশেষ টিম সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রাম সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬১৮ পিস কাস্টমস ফাঁকি দেওয়া ভারতীয় কাতান শাড়ি, ২টি লেহেঙ্গা এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি বড় আকারের বাল্কহেড স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া (২৫)।
বুধবার রাতে উদ্ধারকৃত চোরাই মালামাল ও গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হয়। পরে সুনামগঞ্জ সদর থানার এসআই রিফাত বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, জব্দকৃত আলামতসহ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন