প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর বেগমগঞ্জের একটি প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানির এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার পর পরিবারটি সন্ত্রাসী হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে।
শনিবার (১৩ জুন) সকালে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী রাজিউল হাসান এই অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত ১ জুন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামে কোয়ারিয়া হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী প্রবাসী সূত্রে জানা যায়, ১ জুন প্রবাসী পরিবারের সদস্যরা নিজেদের পুকুরপাড়ে মাটি ফেলে সংস্কারের কাজ শুরু করলে, শহীদ আলম ও কামরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরে হামলাকারীরা সেখান থেকে বাড়িতে গিয়ে প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুর উদ্দিন কাশেমকে মারতে তেড়ে এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করেন। হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজও করেন। ওই সময় প্রবাসী রাজিউল হাসানের বাবা এ.কে.এম. নুরুদ্দিন কাশেমকে হত্যা করে লাশ গুম করা এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া টানা তিন দিন বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রবাসী রাজিউল হাসান ২১ মে দেশে আসেন। তার অপর এক ভাইও প্রবাসে থাকেন। দীর্ঘ সময় ধরে তাদের গ্রামের বাড়িতে পরিবারের কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। এ কারণে এলাকায় কতিপয় ব্যক্তি বিএনপি'র দলীয় পরিচয় ব্যবহার করে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করছে। উল্লেখ্য, প্রতিবেশী শহীদ আলম ও কামরুল ইসলামের পরিবারের সঙ্গে আমাদের ভূমি সংক্রান্ত দুটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, তারা আমাদের জায়গায় জোরপূর্বক ঘাটলা নির্মাণের চেষ্টা করলে আমরা বাধা দিই। তারা বেআইনিভাবে আমাদের জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে তারা আদালতে গেলে রায় আমাদের পক্ষে আসে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের কারণে প্রবাসী পরিবারকে গালিগালাজ করা এবং তাদের প্রধান ফটকে আঘাত করার ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে বাড়ির মালিককে ধাক্কা দেওয়ার দৃশ্যও দেখা যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন