প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করার পরও আত্মহত্যার চিন্তা করেছিলেন ওয়েইন রুনি। যখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সাফল্যের শিখরে ছিল, তখন তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
বর্তমানে ৪১ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড জানান, সদ্য বিবাহিত এবং বড় ছেলে কাইয়ের বাবা হওয়ার পরও তার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না।
২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি। পরবর্তী বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়।
রুনি স্যার অ্যালেক্স ফার্গুসনের তৈরি শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড দলে ছিলেন, যেখানে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব রয়েছে।
তিনি জানান, বাড়িতে টানা দুই দিন মদ্যপান করেছেন। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আত্মহত্যার চিন্তা তার মনে এসেছিল।
রুনি বলেন, “এখন পেছনে ফিরে তাকালে বলতে পারি, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই হিমশিম খাচ্ছিলাম।
“এরপর চাইনি কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেও নিজেকে আড়ালে রাখতাম।
“একসময় এমন পর্যায়ে পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবছিলাম। কারও সঙ্গে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না। দোকানেও যেতে ইচ্ছা করত না।
“ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে সত্যিই খুব কষ্ট হতো।”
ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবটির হয়ে ২৫৩টি গোল করেছেন। তিনি জানান, রেড ডেভিলসদের হয়ে ক্যারিয়ারের সেরা সময়েই এসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন।
তিনি আরও বলেন, “আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সেটি আড়াল করার চেষ্টা করেন।
“আমি যে অবস্থায় ছিলাম, তা বুঝতে পারলেও সেটি স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু করলে নিজেকে ছোট মনে হয়।
“আমার কী সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলাম। কারণ, এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়ে ছিলাম। সদ্য আমার ছেলে হয়েছে, বিয়ে করেছি। জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল সেটি, কিন্তু তা ছিল না।
“নিজের স্বার্থপর আচরণের কারণে সেটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।”
হ্যারি কেইনের আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রুনি। সেই কঠিন সময় কাটিয়ে উঠতে স্ত্রী কোলিনের অবদানের কথা তিনি স্বীকার করেছেন।
রুনি বলেন, “কোলিন আমাকে অনেক সাহায্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারত। কিন্তু সে আমার পাশে থেকেছে এবং এই কঠিন সময় পার হতে সাহায্য করেছে।”
২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর রুনি এভারটন, ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টিতে খেলেছেন। এরপর তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন।
সর্বশেষ প্লাইমাউথের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি ছাড়েন সাবেক এই ইংলিশ তারকা।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন