প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্যসচিব মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শনকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক, যা আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে এবং প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসাথে ভবিষ্যতে যেন ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনা বা প্রচার করা না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
কুবি ছাত্রদল নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সহিংসতামুক্ত ক্যাম্পাস গড়তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে।
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ফলে আইন অনুযায়ী তাদের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
তিনি আরও জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কমিটিতে যাদের নাম এসেছে, তাদের মধ্যে অনেককে সাধারণ শিক্ষার্থীরা চেনেন না এবং তারা ক্যাম্পাস বা স্থানীয় এলাকার বাসিন্দাও নন বলে দাবি করেন তিনি।
শুভ আরও বলেন, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসের অভ্যন্তরে বা এর ১০০ গজের মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুষ্ঠু শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে সাধারণ শিক্ষার্থী, কুবি ছাত্রদল এবং অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠন ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, ১২ আগস্ট দিবাগত রাতে, অর্থাৎ ১৩ আগস্টের প্রথম প্রহরে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে পোস্টার সাঁটানোর অভিযোগ ওঠে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন