প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া ভোলা কাজীর বাড়ি এলাকা থেকে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের বিরুদ্ধে প্রতিবেশী আমির মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী জিলানী মিয়া অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জিলানী মিয়া ১৯৬৫ সালের ২০ ডিসেম্বর সম্পাদিত ১৮৬০ নম্বর দলিলমূলে জমিটি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে সেই জমিতে ভোগদখল করে আসছেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগিয়ে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি প্রতিবেশী আমির মিয়া, দানিছ মিয়া, জামির মিয়া ও মতিউর মিয়া জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণ করেছেন।
ভুক্তভোগী জিলানী মিয়া জানান, জমিতে ঘর নির্মাণে বাধা প্রদান করলে অভিযুক্তরা তাকে এবং তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেন। ফলে জিলানী মিয়া ও তার পরিবার কঠোর আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন যে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েছিলেন, কিন্তু অভিযুক্তদের প্রভাবের কারণে কেউ বিষয়টি সমাধান করতে এগিয়ে আসেননি।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে— মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে দানিছ মিয়া (৬৫), আমির মিয়া (৪৬), জামির মিয়া (৪৪) ও মতিউর মিয়া (৩৬)। জিলানী মিয়া আরও বলেন, “আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
অন্যদিকে, আমির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রায় ২৫ বছর আগে আমাদের পরিবার জমিটি ক্রয় করেছে। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জিলানী মিয়া এতদিন কোনো দলিল থাকার কথা বলেননি।”
এ বিষয়ে আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক সদস্য শুক্কুর আলী বলেন, “জিলানী ও আমির— উভয়ই আমার আত্মীয়। দুই পক্ষের জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় কাগজপত্র যাচাই-বাছাই করে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে।”
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “আব্দুল্লাহপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় জিলানী মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন