প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা হওয়ার পরেও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) দুপুরে তিনি রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শনে যান এবং সেখানে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও সংগ্রহ করেন।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সামগ্রিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
শরীফুল আলম আরও বলেন, ‘বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যেত, এবারে তা পরিলক্ষিত হয়নি। কারণ এবারের বাজেট জনগণকে স্বস্তি দেয়ার লক্ষ্য নিয়েই প্রস্তুত করা হয়েছে।’
তিনি উল্লেখ করেন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির ফলস্বরূপ বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘অহেতুকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন