প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামের মৌলিক আকিদাগুলোর মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস অন্যতম। এটি ঈমানের স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। মানুষের জন্য আল্লাহর সামনে ফিরে যাওয়ার, মৃত্যুর পর পুনরুত্থিত হওয়ার এবং দুনিয়ার কর্মের প্রতিদান লাভের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস একজন মুমিনের জীবনকে দায়িত্বশীল ও আল্লাহমুখী করে তোলে, কারণ সে জানে, তার কোনো কাজই মহান আল্লাহর অগোচরে নেই।
মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হলেও পরকালীন জীবনের সূচনা ঘটে। এই কারণে কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এর পর রয়েছে পুনরুত্থান, হাশর, হিসাব-নিকাশ, আমলনামা প্রদান এবং পুলসিরাত অতিক্রমের মতো বিভিন্ন পর্যায়। সবশেষে মানুষের চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কবর হলো আখিরাতের প্রথম মনজিল। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর এখান থেকে মুক্তি না পেলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে।’ (তিরমিজি, হাদিস : ২৩০৮)
মৃত্যুর সময় মানুষের সামনে তার পরকালীন জীবনের বাস্তবতা প্রকাশ পেতে শুরু করে। মুমিনের জন্য সেই মুহূর্তে থাকে সুসংবাদ ও প্রশান্তি। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা বলে, আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং বলে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না; বরং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ৩০)
অন্যদিকে, যারা আল্লাহর সঙ্গে শরিক করেছে এবং তাঁর নিদর্শন অস্বীকার করে জীবন অতিবাহিত করেছে, তাদের পরিণতি ভিন্ন হবে। মহান আল্লাহ বলেন, ‘অবশেষে যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা তাদের প্রাণ গ্রহণ করতে আসবে, তখন তারা বলবে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকতে, তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।’ (সুরা : আরাফ, আয়াত : ৩৭)
কবরে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন
মৃত্যুর পর যখন মানুষকে কবরে রেখে আসা হয়, তখন তার কাছে দুজন ফেরেশতা আসেন। তাঁরা তাকে তার রব, দ্বিন এবং রাসুল সম্পর্কে প্রশ্ন করেন। রাসুলুল্লাহ (সা.) কবরের প্রশ্ন সম্পর্কে বলেছেন, মৃত ব্যক্তিকে বসানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, ‘তোমার রব কে? তোমার দ্বিন কী? আর তোমাদের মধ্যে প্রেরিত এই ব্যক্তি কে?’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে রাখলেই যথেষ্ট হবে না; বরং দুনিয়ার জীবনে ঈমান ও আমলের মাধ্যমে সেগুলোর সত্যতা প্রমাণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে তাঁর আনুগত্য করেছে, ইসলামকে জীবনবিধান হিসেবে গ্রহণ করেছে এবং রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করেছে, তার জন্য আল্লাহর সাহায্য ও অবিচলতা কামনা করা যায়। সুতরাং, কবরের প্রশ্নের প্রস্তুতি নিতে হবে জীবনের প্রতিটি কাজে আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে।
কিয়ামতের দিন জবাবদিহি শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নবী-রাসুলদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, তাঁরা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কি না। একইভাবে জাতিগুলোকেও জিজ্ঞাসা করা হবে, তারা তাদের নবী-রাসুলদের আহ্বানে কীভাবে সাড়া দিয়েছিল। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন হজরত নূহ (আ.)-কে ডাকা হবে। তাঁকে জিজ্ঞাসা করা হবে, তিনি তাঁর জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন কি না। তিনি বলবেন, হ্যাঁ, পৌঁছে দিয়েছি। এরপর তাঁর উম্মতকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। (সহিহ বুখারি)
ইবাদত একমাত্র মহান আল্লাহর প্রাপ্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্য কারও ইবাদত করে, তাঁর সঙ্গে কাউকে শরিক করে কিংবা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে, তাহলে তাকে এ বিশ্বাস ও কাজের জন্য জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তারা অবশ্যই নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরও বোঝা বহন করবে। আর কিয়ামতের দিন তারা যা মিথ্যা রচনা করত, সে সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসা করা হবে।’ (সুরা আনকাবুত, আয়াত : ১৩)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করে, সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে; এতে তাদের সওয়াব কমবে না। আর যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার ওপর অনুসারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে; এতে তাদের গুনাহ কমবে না। (সহিহ মুসলিম, হাদিস : ২৬৭৪)
জীবন, সম্পদ, জ্ঞান ও শরীর—সবকিছুর হিসাব দিতে হবে। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নেয়ামত দান করেছেন। জীবন, সুস্থতা, সময়, জ্ঞান, সম্পদ, পরিবার, সামর্থ্য—সবই তাঁর পক্ষ থেকে পাওয়া অনুগ্রহ। এসব নেয়ামত কীভাবে ব্যবহার করা হয়েছে, কিয়ামতের দিন সে সম্পর্কেও মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার দুই পা তার রবের সামনে থেকে সরবে না, যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে—কীভাবে তা অতিবাহিত করেছে; তার জ্ঞান সম্পর্কে—তা দিয়ে কী আমল করেছে; তার সম্পদ সম্পর্কে—কোথা থেকে তা অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে; আর তার শরীর সম্পর্কে—কী কাজে তা ক্ষয় করেছে। (জামে তিরমিজি, হাদিস : ২৪১৭)
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন