প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষা আন্দোলনের ৫২ সালের সৈনিক, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
আজ মন্ত্রী বলেন, "ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতি ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র।" দেশের সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি দল গঠনের প্রথম পর্যায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মন্ত্রী আরও বলেন, "তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজসমূহ সমাপ্তকরণে ভূমিকা পালন করেন।" তিনি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ১৯৯০ সালে পঞ্চগড়ে "ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট" প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারেও তিনি অবদান রেখেছেন।
মন্ত্রী বলেন, "তাঁর এ সুবিশাল কর্মজীবন, রাজনৈতিক প্রজ্ঞা, সৃজনশীলতা এবং উচ্চ মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য গভীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।" তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন