প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফুটবল বিশ্বকাপ খেলা দেখা নিয়ে ছাত্রদলের মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশরাফুল নামের একজন কর্মী আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় আর্জেন্টিনা বনাম মিশরের খেলাটি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে যে, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আর্জেন্টিনা বনাম মিশরের খেলা চলাকালীন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান এবং সহ-অর্থ সম্পাদক কাফি কাওসারের বন্ধু, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিসের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে কিছু সময়ের জন্য মীমাংসাও হয়।
কিন্তু পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় আবারও উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় নাফিসের বন্ধু ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক কাফি কাওসার এবং তার বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী আশরাফুল মাথায় আঘাত পান এবং পরবর্তীতে তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আহত ছাত্রদল কর্মী আশরাফুল বলেন, ‘খেলার আয়োজক হিসেবে ছিল আমাদের বন্ধু তারেক। নাফিস নামের একটি ছেলে পর্দার সামনে বারবার চলে আসছিল। তারেক তাকে সামনে আসতে নিষেধ করে। তখন তাদের মধ্যে কথা-কাটাকাটি ঘটে। পরে গেটে যাওয়ার পর তারেক নাফিসের কাছে বিষয়টি বোঝাচ্ছিল। তবে সেই সময় কাফি (ছাত্রদলের সহ অর্থ সম্পাদক) মদ্যপান অবস্থায় তারেকের ওপর উত্তপ্ত হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা গোলাপ রেস্টুরেন্টের সামনে চিল্লাপাল্লা শুনে এগিয়ে যাই। সেখানে তারেক আমাকে জানায়, জুনিয়র কাফি তাকে মারতে চায়। পরে আমরা এগিয়ে গেলে আমাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সামনে ফেলে দেয় এবং কিল-ঘুসি মারতে শুরু করে। সেখান থেকে আহত অবস্থায় বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক কাফি কাওসারকে কল দিলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, ‘ছাত্রদলের নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। আর বিষয়টি যেহেতু ছাত্রদলের অভ্যন্তরীণ, তাই তাদের নেতাকর্মীদের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন