প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন জানাতে চাইলে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে। আগামী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস শুরু হবে ২৮ মার্চ।
রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারও পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলো হলো আইবিএ ইউনিট, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, চারুকলা ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিট।
নির্ধারিত সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার দিনগুলো হলো ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটগুলোর পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোর পরীক্ষা রাজধানী ঢাকা সহ দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পদ্ধতিতে আগের কাঠামো বহাল রাখা হয়েছে। চারুকলা এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের জন্য ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় মোট থাকবে ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ২০ নম্বর নির্ধারণ করা হবে।
ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষা এবং ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য পৃথক জিপিএ শর্তও নির্ধারণ করেছে।
এছাড়া, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন