প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার দীর্ঘদিন ধরে চলা জনদুর্ভোগ নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে স্থানীয় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি স্মারকলিপি এবং গণস্বাক্ষরপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, দিঘীরপাড় যুব সমাজ এবং আলেম সমাজের উদ্যোগে এ স্মারকলিপিটি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার যুবসমাজ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রবীণ সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় জনগণের স্বাক্ষরসংবলিত গণস্বাক্ষরপত্রও জমা দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে।
স্মারকলিপিতে দিঘীরপাড় এলাকার চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা, গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এবং জনসাধারণের যাতায়াত ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।
সম্মেলনকালে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দিঘীরপাড় ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ ভোগ করছেন চলাচলে। অধিকন্তু, কান্দারবাড়ি এলাকায় নদীভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে, যার ফলে বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা দাবি করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্মারকলিপি গ্রহণের পর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দিঘীরপাড় এলাকার দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ করা হবে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসকের দেওয়া আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, দীর্ঘদিন ধরে মহানদী ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি নদীভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, চার দফা দাবি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরঞ্চ পুরো এলাকার মানুষদের প্রাণের দাবি। তারা দাবি করেন, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন