প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ২৩ নভেম্বর, ২০২৬ : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধের প্রয়োজন রয়েছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি। বিশেষত তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
আজ সোমবার বিকেলে বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো চাপ, ব্যক্তিগত অনুরোধ বা রাজনৈতিক তদবিরের কাছে নতি স্বীকার করা উচিত নয়। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি বা মহলের অনুরোধে কাউকে ছাড় দেওয়া যাবে না। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা আবশ্যক। এটি শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, বরং একজন সুনাগরিক হিসেবে সবার নৈতিক দায়িত্ব।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারির বিকল্প নেই। বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলেও সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নজরদারি ক্যামেরা স্থাপনে আরও উদ্যোগ নিতে হবে।
সভাটি বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার, ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন