প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দলের সদস্যরা। ‘সিটি অব ফুটবল’ থেকে যাত্রার আগে দলের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের সামনে হাজির হন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তিনি দলকে সরাসরি শিরোপার জন্য অন্যতম দাবিদার হিসেবে ঘোষণা দিতে রাজি হননি, তবুও বিশ্বকাপ সম্পর্কে তার আশাবাদের অভাব নেই।
৪১ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড নিজের ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সাথে দলের প্রস্তুতি ও সম্ভাবনাকে নিয়ে ইতিবাচক বার্তা দেন তিনি।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে রোনালদো বলেছেন, ‘আমরা অনেক আনন্দ ও আশা নিয়ে যাচ্ছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও সবসময়ই বিশেষ একটি প্রতিযোগিতা। আমাদের প্রত্যাশাও অনেক।’
বিশ্বকাপের পূর্বে নিজের শারীরিক অবস্থা জানাতে চাইলে আত্মবিশ্বাসী সুরে রোনালদো বলেন, ‘আমি ভালো আছি। আপনারা কি খেলাগুলো দেখছেন না?’
সাম্প্রতিক অর্জনের কারণে পর্তুগালকে ঘিরে প্রত্যাশার মাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে অধিনায়ক চাপ কিছুটা হালকা করতে চান। তিনি মনে করেন, টুর্নামেন্ট যতই এগোবে, ততই পরিষ্কার হবে কোন দল আসল দাবিদার।
রোনালদো বলেন, ‘আমাদের মধ্যে দারুণ একটি প্রজন্ম বিদ্যমান। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জয়-পরাজয় বা ম্যাচের পরিস্থিতি অনেক কিছু বদলে দিতে পারে। তারপরেও আমি আশাবাদী যে, এই প্রজন্ম পর্তুগালের জনগণকে অনেক আনন্দ দেবে।’
বর্তমান পর্তুগাল দলকে সাম্প্রতিক সময়ে অন্যতম প্রতিভাবান স্কোয়াড হিসেবে ধারণা করা হচ্ছে। রোনালদোর সঙ্গে দলে রয়েছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লিয়াও, জোয়াও নেভেস এবং ভিতিনহার মতো ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড়রা।
বিশ্বকাপে অংশগ্রহণের পূর্বে নেওয়া প্রস্তুতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো। তিনি জানান, ‘সময়টি কিছুটা ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে আমরা জয় পেয়েছি। তবে আসল পরীক্ষা শুরু হবে ১৭ তারিখ থেকে।’
বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মেলে বলেও মনে করেন পর্তুগাল অধিনায়ক।
তার বক্তব্য হলো, ‘যখন চাপ বাড়বে এবং পরিস্থিতি কঠিন হবে, তখন প্রকৃত চ্যাম্পিয়নদের দেখা যাবে। ফল অনেক কিছুর ওপর নির্ভর করে, তবে আমি খুব আশাবাদী যে সবকিছু ভালোভাবেই চলবে।’
গ্রুপ পর্বে শীর্ষ স্থান অর্জনকে দলের প্রথম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন রোনালদো। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তারপর ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ জিতে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে এবং প্রতিযোগিতার ছন্দ ধরে রাখতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন