প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবার আন্দোলন ক্যাম্পাসের বাইরে চট্টগ্রাম শহরে গড়িয়ে পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও জোরদার করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে, ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘শরিফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’, ‘আইইবি নীরব কেন? জবাব চাই, জবাব চাই’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে, যার মধ্যে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হবে।
চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যাঁরা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’
কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নেই, তবে সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে তারা কাজ করছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন