প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের অগ্রাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত নির্দেশনামূলক সভায় তিনি এ নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।
সভায় ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করতে হবে সবচেয়ে দরিদ্র মানুষের বাড়ি থেকে। যাদের ছনের ঘর রয়েছে, যাদের নিজস্ব ঘর নেই কিংবা অন্যের বাড়িতে বসবাস করেন—তাদের তথ্য অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রহ করতে হবে। কোনোভাবেই সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত করা যাবে না।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের কাজে সরকার সম্মানী দিচ্ছে। এর বাইরে কেউ অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহ, স্বজনপ্রীতি বা কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিজ দলের বা জোটের কোনো নেতাকর্মী দুর্নীতি কিংবা চাঁদাবাজিতে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এমনকি প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করার কথাও বলেন তিনি।
সভায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে তিনি দিনের বেলায় অপ্রয়োজনে বাতি ও ফ্যান ব্যবহার না করার পরামর্শ দেন। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে সমস্যা হচ্ছে, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি গারো ও হাজংসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করার কথা জানান। তাদের শিক্ষাবৃত্তি ও বাসস্থানের ব্যবস্থা করার বিষয়েও আশ্বাস দেন তিনি।
বক্তব্যের শেষ দিকে দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডেপুটি স্পিকার। এ দুই উপজেলাকে একটি সুন্দর বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে সেই বাগানের ‘মালী’ হিসেবে উল্লেখ করেন তিনি। এ বাগানের পরিচর্যায় সবার সহযোগিতাও কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন