প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পেস নিডল স্থাপনার কাছে রোববার নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে। সিয়াটল পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরেকজনকে খুঁজছে। উত্তর-পশ্চিমাঞ্চলের এই শহরের জনপ্রিয় পর্যটন এলাকায় একটি খাদ্য উৎসব চলাকালে এই ঘটনাটি ঘটে। সিয়াটল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে। সহকারী পুলিশ প্রধান টায়রোন ডেভিস জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে গুলির আওয়াজ শোনা যায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, দুজন ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিলেন এবং ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের জন্য এখন অন্য কোনো হুমকি নেই। সিয়াটল পুলিশ এ ঘটনায় তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর আগে রোববার এক্সে প্রকাশিত একটি পোস্টে পুলিশ জানায়, সিয়াটল সেন্টারের ঘটনায় ‘একাধিক ব্যক্তি’ গুলিবিদ্ধ হয়েছেন। ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফুর্সন বলেছেন, স্থানীয় পুলিশকে সহায়তা করতে স্টেট প্যাট্রোলের সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। তিনি এক্সে লেখেন, ‘নিহতদের পরিবারের প্রতি এবং উদ্ধারকর্মীদের প্রতি আমার প্রার্থনা রইল, যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।’ সিয়াটলের মেয়র কেটি উইলসন এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতার ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, যারা সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন, তাদের পরিবারের প্রতিই এখন আমাদের সব মনোযোগ।’ তিনি ঘটনাস্থলে দ্রুত সাড়া দিয়ে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করায় সিয়াটল পুলিশের সদস্যদেরও ধন্যবাদ জানান। হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে ট্রমা সেন্টারে চারজনের চিকিৎসা চলছে। সহকারী পুলিশপ্রধান ডেভিস বলেন, হাসপাতালে ভর্তি সকলেই ‘স্থিতিশীল অবস্থায়’ রয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় টেলিভিশন চ্যানেল কেআইআরওকে বলেন, একাধিক গুলির আওয়াজ শোনার পর তারা নিরাপদ স্থানে দৌড়ান। স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও খাদ্য বিক্রেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ গ্রীষ্মকালীন উৎসব চলাকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন